আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ায় মহাসড়কের পাশে ছোট বিমানের জরুরি অবতরণ।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লেকসাইড এলাকায় শনিবার সকালে একটি ছোট ব্যক্তিগত বিমান হঠাৎ করে মহাসড়কের পাশে নামতে বাধ্য হয়। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হলেও কেউ আহত হননি।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টার পর এসআর–৬৭ মহাসড়কের কাছে উইন্টার গার্ডেন্স বুলেভার্ড এক্সিটের পাশে বিমানটি নামানো হয়। এ কারণে সড়কের একটি অংশ সাময়িকভাবে সীমিত হয়ে পড়ে এবং দক্ষিণমুখী যান চলাচলে ধীরগতি দেখা যায়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পরিস্থিতি বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিমান দুর্ঘটনা তদন্তে অভিজ্ঞ সাবেক মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা রিচ মার্টিনডেল বলেন, এমন অবস্থায় পাইলটদের প্রধান লক্ষ্য থাকে বিমান নিয়ন্ত্রণে রাখা এবং নিরাপদ অবতরণের জায়গা নিশ্চিত করা। প্রয়োজনে মহাসড়কের মতো অস্বাভাবিক স্থানেও নামতে হতে পারে।

ঘটনাটি নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিক তথ্য সংগ্রহে কিছু সময় লাগবে এবং চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ হতে দীর্ঘ সময়ও লাগতে পারে।

পরে উদ্ধারকারী দল বিমানটি সরিয়ে নেওয়ার পর বিকেলের দিকে মহাসড়কের স্বাভাবিক যান চলাচল পুনরুদ্ধার হয়।

মতামত দিন