আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ওমানের মঞ্চে পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্র, ইরানের শর্ত গ্রহণ।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা বাড়ার প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্র ও ইরান আবার আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার ওমানেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

আঞ্চলিক একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, আলোচনা যেন মূলত পারমাণবিক কর্মসূচি নিয়েই সীমাবদ্ধ থাকে—এই উদ্দেশ্যে তেহরান বৈঠকের স্থান পরিবর্তনের অনুরোধ জানায়। আগের আলোচনা ওমানে হওয়ায় সেই ধারাবাহিকতা বজায় রাখার পক্ষেই ছিল ইরান।

প্রাথমিকভাবে বৈঠকটি তুরস্কে হওয়ার কথা থাকলেও ইরানের আপত্তির পর স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। তেহরানের আশঙ্কা ছিল, অন্য ভেন্যু হলে ক্ষেপণাস্ত্রসহ অতিরিক্ত ইস্যু আলোচনায় উঠে আসতে পারে।

ইরান ইতোমধ্যে স্পষ্ট করেছে, তাদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো আলোচনার অংশ নয় এবং এটিকে তারা ‘লাল রেখা’ হিসেবে দেখছে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশটি আবার ক্ষেপণাস্ত্র মজুত বাড়ানোর কথাও বলেছে।

এদিকে আলোচনার প্রস্তুতির মধ্যেই নতুন করে উত্তেজনা দেখা দেয়। একটি ইরানি ড্রোন ভূপাতিত করার ঘটনা এবং হরমুজ প্রণালিতে মার্কিন পতাকাবাহী একটি ট্যাংকারের কাছে ইরানি নৌযানের উপস্থিতির খবর বাজারে তেলের দাম বাড়িয়ে দেয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, সমঝোতা না হলে পরিস্থিতি খারাপ দিকে যেতে পারে। কূটনৈতিক সূত্রের মতে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আলোচনায় অংশ নিতে পারেন।

বিশ্লেষকদের মতে, সংঘাত এড়ানো এবং উত্তেজনা প্রশমিত করাই এই সংলাপের প্রধান লক্ষ্য।

মতামত দিন