কাশ্মীরে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়নি দাবি পাকিস্তানের।
পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে, ভারতীয় গণমাধ্যমে জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা ভুয়া ও ভিত্তিহীন। পিটিভি নিরাপত্তা সূত্রের বরাতে জানায়, এই ধরনের খবর মিথ্যা এবং ভারত নিজ আগ্রাসনের পক্ষে মিথ্যা অজুহাত তৈরির চেষ্টা করছে।
এদিকে ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের দ্য ওয়্যার দাবি করেছে, জম্মু ও আশপাশের এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং পাকিস্তান থেকে আসা বস্তু থামাতে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তান থেকে ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র ভারত ভূপাতিত করেছে, যেগুলোর লক্ষ্য ছিল সাতওয়ারি, সাম্বা, আরএস পুরা ও আরনিয়া। তবে পিটিভির পক্ষ থেকে এক্স (পূর্বে টুইটার)-এ দেওয়া বিবৃতিতে বলা হয়, এসব খবর উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, এসব ভুয়া খবরের মাধ্যমে পাকিস্তানের ওপর মিথ্যা হামলার অভিযোগ তুলে ভারত একটি যুদ্ধোন্মুখ পরিস্থিতি তৈরির পাঁয়তারা করছে। এতে কোনো সত্যতা নেই।

মতামত দিন