আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে নতুন ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটির তথ্য দিল ইরান।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি যখন টানটান, তখনই নতুন একটি আন্ডারগ্রাউন্ড মিসাইল সুবিধার কথা প্রকাশ করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, সম্প্রতি এই সামরিক স্থাপনাটি আনুষ্ঠানিকভাবে সামনে আনা হয়েছে।

স্থাপনাটি ঘুরে দেখেন ইরানের সেনাবাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং আইআরজিসির এরোস্পেস শাখার শীর্ষ কর্মকর্তা সায়েদ মাজেদ মৌসাভি। পরিদর্শনের সময় তারা অস্ত্রভাণ্ডারের সক্ষমতা, প্রস্তুতি ও সামরিক কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত ব্রিফিং নেন। সেখানে আরও কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সফর শেষে সেনাপ্রধান বলেন, সম্ভাব্য যেকোনো সংঘাত মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে। ইসরায়েলের সঙ্গে গত বছরের স্বল্পমেয়াদি সংঘর্ষের অভিজ্ঞতার ভিত্তিতে সামরিক কৌশলে নতুন কিছু সমন্বয় আনা হয়েছে বলেও তিনি জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রতিরক্ষামূলক অবস্থানের পাশাপাশি এখন দ্রুত আঘাত হানার সক্ষমতা বাড়ানোর দিকে জোর দেওয়া হচ্ছে।

অন্যদিকে, ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধির খবরও সামনে আসছে। যদিও দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার উদ্যোগ রয়েছে, তবুও তা ভেস্তে গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ বড় আকারের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে।

মতামত দিন