আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, ব্ল্যাকআউট জারি।

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বৃহস্পতিবার রাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী—এমনটি দাবি করেছে ভারতের একাধিক জাতীয় গণমাধ্যম।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ৯টার দিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর আরএস পুরা, আরনিয়া, সাম্বা ও হিরানগরে বিস্ফোরণ ঘটে।

সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ভারতীয় সেনাবাহিনী এবং কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়।

এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণের শব্দ শোনার পর জম্মু-কাশ্মীরজুড়ে সাইরেন বাজানো হয় এবং শহরজুড়ে জরুরি ব্ল্যাকআউট কার্যকর করা হয়। স্থানীয়দের মোবাইলে ধারণ করা ভিডিওতে আকাশে আলোর ঝলকানি ও পরপর বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে।

পিটিআই জানায়, জম্মু বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণের পর আশপাশের এলাকা অন্ধকারে ঢেকে যায়। এএনআই জানিয়েছে, জম্মু শহর, আখনুর ও কিশতওয়ার জেলায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। পাকিস্তানের বাহিনী ‘লোইটারিং মিউনিশন’ ধরনের ড্রোন ব্যবহার করে বিমানবন্দরকে লক্ষ্যবস্তুতে পরিণত করার চেষ্টা করলেও তা প্রতিহত করা হয়েছে বলে দাবি করা হয়।

বিবিসি, বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে জানায়, বিস্ফোরণের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেককে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছোটাছুটি করতে দেখা গেছে। কাশ্মীরের কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্কও সীমিত করা হয়েছে, ফলে অনেক বাসিন্দা আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হচ্ছেন।

ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেওয়া হয়নি। পাকিস্তানের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি।

মতামত দিন