আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মুম্বাই বিমানবন্দরে ট্যাক্সিং চলাকালে দুই যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, তদন্তে ডিজিসিএ।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি মুম্বাইয়ে রানওয়েতে চলাচলের সময় দুইটি যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতের এই ঘটনায় জড়িত বিমান দুটি হলো এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর। উভয় বিমানই এয়ারবাস এ৩২০ মডেলের বলে নিশ্চিত করা হয়েছে। ডিজিসিএ জানায়, ট্যাক্সিংয়ের সময় বিমান দুটির ডানার সামনের অংশ একে অপরের সঙ্গে লেগে যায়। তবে পরিস্থিতি গুরুতর আকার নেয়নি।

নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি তামিলনাড়ুর কোয়েম্বাটোরে যাওয়ার প্রস্তুতি নিয়ে রানওয়ের দিকে এগোচ্ছিল। একই সময়ে হায়দরাবাদ থেকে আসা ইন্ডিগোর একটি ফ্লাইট রানওয়েতে ট্যাক্সিং করছিল। এই পর্যায়েই ডানার অগ্রভাগে সংস্পর্শ ঘটে এবং উভয় বিমানের ধাতব অংশে সামান্য ক্ষতি হয়।

ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে দুইটি বিমানকেই আবার পার্কিং বেতে ফিরিয়ে নেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে কারিগরি পরিদর্শন শুরু করা হয়। ডিজিসিএ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত প্রক্রিয়া চালু রয়েছে।

ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, সব যাত্রী সম্পূর্ণ নিরাপদ ছিলেন এবং বিমান থামানোর পর তাদের নামিয়ে দেওয়া হয়। ডানার অগ্রভাগে ক্ষতি ধরা পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটি সাময়িকভাবে গ্রাউন্ডেড রাখা হয়েছে। প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এটি উড্ডয়নে ফিরবে না।

এয়ারলাইন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনার সত্যতা উভয় বিমান সংস্থাই স্বীকার করেছে।

ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে ডিজিসিএ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

(সূত্র: এনডিটিভি)

মতামত দিন