ইতিহাসে প্রথমবার বিদেশে এলপিজি রপ্তানি করল ভেনেজুয়েলা।
ভেনেজুয়েলা সোমবার প্রথমবারের মতো বিদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রপ্তানি করেছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রদ্রিগেজ জানান, ‘ক্রিসোবিগি লেডি ভেনেজুয়েলা’ নামের জাহাজটি সকালে দেশটির উপকূল ত্যাগ করেছে। তিনি রপ্তানিকে দেশের শ্রমজীবী জনগণের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে আখ্যায়িত করেছেন।
যাহাজের গন্তব্য উল্লিখিত না হলেও সামুদ্রিক ট্র্যাকিং ওয়েবসাইট মেরিনট্রাফিক জানিয়েছে, এটি যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের দিকে যাচ্ছিল। এর আগে দেশটির অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য উৎপাদিত সব এলপিজি ব্যবহার হতো, ফলে রপ্তানির কোনো সুযোগ ছিল না।
চলতি বছরের জানুয়ারিতে সরকার প্রথমবারের মতো বিদেশে গ্যাস বিক্রির চুক্তি সম্পন্ন করে, যদিও ক্রেতার নাম প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটেও ভেনেজুয়েলার জ্বালানি খাত যুক্তরাষ্ট্রের নজরে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির তেল ও জ্বালানি অবকাঠামোর পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
ওপেকের তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার কাছে বিশ্বের সর্বোচ্চ অপরিশোধিত তেলের মজুত রয়েছে, যা প্রায় ৩০৩.৮ বিলিয়ন ব্যারেল এবং বৈশ্বিক মজুতের প্রায় ১৯.৪ শতাংশ।

মতামত দিন