আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ ঘণ্টার অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনী সমন্বিত অভিযান চালিয়ে ১৪৫ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে। প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি রোববার (১ ফেব্রুয়ারি) কোয়েটায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

বুগতি জানান, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত এবং পরবর্তী ক্লিয়ারেন্স অভিযানে নিহতদের সংখ্যা এতটাই বেশি হয়েছে, যা সাম্প্রতিক ইতিহাসে বিরল ঘটনা। তিনি আরও জানিয়েছেন, এ ঘটনায় ১৭ আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা এবং ৩১ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। তারা ‘হেরোফ’ বা ‘ব্ল্যাক স্টর্ম’ নামের সমন্বিত অভিযানের মাধ্যমে প্রদেশজুড়ে নিরাপত্তা বাহিনী লক্ষ্য করে একাধিক জেলায় হামলা চালিয়েছে। কোয়েটা, গ্বাদর, মাস্তুং ও নুশকিসহ গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও সন্ত্রাসবিরোধী ইউনিট যৌথভাবে অভিযান শুরু করে।

পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, এই হামলায় ভারত-সমর্থিত সন্ত্রাসীরা জড়িত ছিল। তবে ভারত রোববার এই অভিযোগ অস্বীকার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তানের আনা অভিযোগ ভিত্তিহীন এবং ইসলামাবাদকে তাদের অভ্যন্তরীণ সমস্যার দিকে মনোযোগ দিতে হবে।

বেলুচিস্তান প্রদেশে দশকের পর দশক ধরে বেলুচ বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ চলছে। এরা বৃহত্তর স্বায়ত্তশাসন ও প্রাকৃতিক সম্পদের ন্যায্য অংশের দাবি জানিয়ে আসছে। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক হামলার সময় সশস্ত্র যোদ্ধারা শহর বা গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে।

মতামত দিন