দুই বছর পর সীমিতভাবে খুলল রাফাহ ক্রসিং।
দুই বছর বন্ধ থাকার পর মিসর ও গাজার মধ্যে রাফাহ সীমান্ত আংশিকভাবে পুনরায় খোলা হয়েছে। পরীক্ষা-ধাপের ‘পাইলট অপারেশন’ হিসেবে সোমবার থেকে উভয় দিকেই মানুষের চলাচল শুরু হতে পারে।
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শনিবার তেল আবিবের হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন বলে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে।
রাফাহ সীমান্ত গাজার সাধারণ মানুষ ও ত্রাণ সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের মে মাসে ইসরায়েলি অভিযান চলাকালে সীমান্তটি বন্ধ হয়ে যায়। সাময়িকভাবে ২০২৫ সালের শুরুতে খোলা হলেও পরে আবার বন্ধ হয়ে যায়।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন কোগাট জানিয়েছে, সীমান্ত বর্তমানে সীমিত সংখ্যক বাসিন্দার যাতায়াতের জন্য খোলা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, পুরোপুরি খোললে অন্তত ২০০ রোগী সীমান্ত পাড়ি দিতে পারবেন।
ফিলিস্তিনি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ে প্রায় ৪০ জন ফিলিস্তিনি মিসরে পৌঁছেছেন এবং তারা গাজায় দায়িত্ব পালন শুরু করবেন।
এর আগে, ইসরায়েল জানিয়েছিল, শেষ ইসরায়েলি জিম্মি রান গিভিলির মরদেহ ফেরত না পাওয়া পর্যন্ত সীমান্ত খোলা হবে না। তার মরদেহ দেশে ফেরানোর দুই দিন পরই কোগাট সীমান্ত পুনরায় খোলার ঘোষণা দিয়েছে।
কোগাট জানিয়েছে, মিসরের সঙ্গে সমন্বয় ও ইসরায়েলের নিরাপত্তা ছাড়পত্র অনুযায়ী সীমান্তে চলাচল অনুমোদিত। এটি প্রাথমিক পাইলট ধাপ হিসেবে পরিচালিত হচ্ছে। আগামীকাল থেকে আরও বিস্তৃতভাবে সীমান্ত খোলার পরিকল্পনা রয়েছে, তবে কতজন ফিলিস্তিনি প্রবেশ বা প্রস্থান করতে পারবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

মতামত দিন