ইরানের বদলে এবার ভেনেজুয়েলা থেকে তেল কিনতে যাচ্ছে ভারত দাবি ট্রাম্পের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ইরানের বদলে এবার ভেনেজুয়েলা থেকে তেল কিনতে যাচ্ছে। শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ভারত ইতিমধ্যেই এই নতুন চুক্তির প্রাথমিক পর্যায়ে পৌঁছেছে।
ইরান থেকে দীর্ঘদিন ধরে তেল আমদানি সীমিত থাকার কারণ মার্কিন নিষেধাজ্ঞা। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার তেলের দাম কমে যাওয়ায় ভারত সেখানে থেকে বড় আকারে তেল কেনা শুরু করে। তবে ট্রাম্প প্রশাসন চাইছে, ভারত রাশিয়ার তেল থেকে দূরে থাকে। গত আগস্টে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বৃদ্ধি করে এ চাপ প্রয়োগ করেছিল।
এবারের সিদ্ধান্তে ভেনেজুয়েলার তেল খাতের ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, এতে ভেনেজুয়েলা থেকে তেলের সরবরাহ সহজতর হবে এবং শিগগিরই আরও ঘোষণা আসতে পারে।
এদিকে, মার্চে ভেনেজুয়েলার তেল কিনতে থাকা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। ভারতের ক্ষেত্রেও একই হুমকি ছিল, যা বর্তমানে পরিস্থিতি বদলে গেছে।

মতামত দিন