নতুন অর্থায়ন বিল পাস না হওয়ায় যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউন শুরু।
যুক্তরাষ্ট্রে শনিবার (৩১ জানুয়ারি) থেকে সরকারি কার্যক্রম স্থগিত বা শাটডাউন কার্যকর হয়েছে। এটি ঘটেছে নতুন অর্থায়ন আইন কার্যকর না হওয়ায়।
শুক্রবার রাতের সময়সীমার আগে সিনেটে অর্থায়ন প্যাকেজ পাস হওয়া সত্ত্বেও হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর অনুমোদন না থাকায় আইনটি কার্যকর করা যায়নি। এর ফলে প্রতিরক্ষা, জননিরাপত্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি বিভাগে সাময়িকভাবে কাজ বন্ধ হয়ে গেছে।
সিনেটে ৭১–২৯ ভোটে পাস হওয়া প্যাকেজে পাঁচটি দীর্ঘমেয়াদি বরাদ্দ বিল অন্তর্ভুক্ত ছিল। এছাড়া হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে দুই সপ্তাহের অতিরিক্ত অর্থায়ন দেওয়ার কথাও ছিল। তবে বিরোধী দলগুলোর কঠোর অবস্থানের কারণে বিলটি কার্যকর হয়নি।
ওএমবি পরিচালক রাস ভট সংশ্লিষ্ট দপ্তরগুলোকে শাটডাউনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। এর প্রভাবে লাখ লাখ সরকারি কর্মচারীর বেতন এবং প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, হাউস যদি সোমবার দ্রুত বিল পাস করে দেয়, তবে শাটডাউনের প্রভাব দীর্ঘস্থায়ী হবে না। গত বছরের ৪৩ দিনের দীর্ঘ শাটডাউন এড়িয়ে চলার সম্ভাবনা রয়েছে।
সূত্র: ব্লুমবার্গ
মতামত দিন