ডিআর কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত খনিতে ভয়াবহ ধস, এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত।
আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের উত্তর কিভু প্রদেশে একটি খনি দুর্ঘটনাকে ঘিরে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্রোহী নিয়ন্ত্রণাধীন রুবায়া এলাকায় খনির একাংশ ধসে পড়ে বহু মানুষ চাপা পড়েছেন বলে স্থানীয় প্রশাসন ও সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
ঘটনাটি ঘটে বুধবার রাতে। দুর্ঘটনার পরপরই এলাকাজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সীমিত সরঞ্জাম ও নিরাপত্তাজনিত জটিলতার মধ্যেই উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। এখন পর্যন্ত অন্তত ২০ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া কয়েকজনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।
বিদ্রোহী সমর্থিত প্রাদেশিক প্রশাসনের এক মুখপাত্র জানিয়েছেন, ধসের সময় খনির ভেতরে কেবল শ্রমিকই নয়, শিশু ও আশপাশের বাজারে জীবিকা নির্বাহ করা নারীরাও ছিলেন। প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২০০ ছাড়াতে পারে। তবে পরিস্থিতির কারণে সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ সম্ভব হয়নি।
এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়োজিত উত্তর কিভুর গভর্নর এরাস্টন বাহাতি মুসাঙ্গা আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে বলেন, মৃত ও আহতের নির্ভুল হিসাব এখনো পাওয়া যায়নি। তবে প্রাণহানি উল্লেখযোগ্য মাত্রায় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় ও আন্তর্জাতিক সূত্রগুলো জানায়, চলমান বর্ষা মৌসুমে মাটি নরম ও অস্থিতিশীল হয়ে পড়ায় খনিটির কাঠামো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ধারণা করা হচ্ছে, এই প্রাকৃতিক অবস্থাই ধসের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।
মতামত দিন