সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর।
বিদেশে কর্মরত বাংলাদেশিদের দেশে আসা–যাওয়ার ব্যয় কমাতে স্বল্পমূল্যের বিমান টিকিট সুবিধা চালু করছে সরকার। এই উদ্যোগের আওতায় প্রবাসী কর্মীরা মাত্র ২০ হাজার টাকায় বাংলাদেশে ফেরার সুযোগ পাবেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, সৌদি আরব ও বাংলাদেশ রুটে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে প্রবাসী কর্মীদের ভোগান্তি কমার পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয়ও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, হজ মৌসুমে আগে একমুখী ফাঁকা ফ্লাইট পরিচালিত হলেও এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে সেই ফ্লাইটগুলো কার্যকরভাবে ব্যবহার করা যাবে। এর ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো অতিরিক্ত ১০০ কোটি টাকার বেশি আয় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এই ব্যবস্থার আওতায় মদিনা–ঢাকা ও জেদ্দা–ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। আর মদিনা–ঢাকা–মদিনা এবং জেদ্দা–ঢাকা–জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া হবে ৪২ হাজার টাকা। বাংলাদেশে আসার ক্ষেত্রে এই ভাড়া কার্যকর থাকবে ১৮ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত। আর বাংলাদেশ থেকে ফেরার জন্য এই সুবিধা পাওয়া যাবে ৩০ মে থেকে ৩০ জুন সময়কালে।
এই উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতির একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ ধরনের বাস্তবধর্মী সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা সহজ করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
তবে অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, প্রবাসীদের জন্য নেওয়া অনেক ভালো উদ্যোগ যথাযথ বাস্তবায়নের অভাবে টেকসই হয়নি। তাই এই সিদ্ধান্ত যেন কার্যকরভাবে বাস্তবায়িত হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
মতামত দিন