চিয়াং মাইয়ে প্রশিক্ষণ উড্ডয়নের পরই সামরিক বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত।
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের পাহাড়ঘেরা চিয়াং মাই প্রদেশে প্রশিক্ষণ মিশনে থাকা একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে নিয়মিত মহড়ার অংশ হিসেবে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি নিয়ন্ত্রণ হারায়।
থাই রাজকীয় বিমান বাহিনী জানায়, দুই আসনবিশিষ্ট ওই বিশেষ প্রশিক্ষণ বিমানটি ‘যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধার’ সংক্রান্ত অনুশীলনে অংশ নিচ্ছিল। সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে হঠাৎ রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে বিমানটির অবস্থান নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরে চিয়াং মাইয়ের দুর্গম বনাঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।
উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করে, বিমানে থাকা দুই পাইলটই ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থল জনবসতি থেকে দূরে হওয়ায় কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি কিংবা আবহাওয়াজনিত কোনো সমস্যা—কোনটি দায়ী, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত বছরের এপ্রিলে ব্যাংককের দক্ষিণে প্রশিক্ষণ চলাকালে একটি ছোট বিমান সমুদ্রে পড়ে ছয়জন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। সাম্প্রতিক এই ঘটনায় থাই সামরিক প্রশিক্ষণের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পরিস্থিতি বিবেচনায় চিয়াং মাই অঞ্চলে সাময়িকভাবে সব ধরনের সামরিক প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
মতামত দিন