ইরানের দিকে আরও মার্কিন নৌবহর অগ্রসর, ট্রাম্পের সতর্কবার্তা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের দিকে আরও একটি মার্কিন সামরিক নৌবহর অগ্রসর হচ্ছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) আইওয়ায় দেওয়া এক ভাষণে তিনি বলেন, এই মুহূর্তে তারা ‘চুক্তি করার’ সুযোগ পাবে।
ট্রাম্প উল্লেখ করেন, গত জুনে ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করেছে। তিনি বলেন, জনগণ দীর্ঘ ২২ বছর ধরে এর অপেক্ষায় ছিল এবং ইরান মাত্র এক মাস দূরে ছিল পারমাণবিক অস্ত্র তৈরির পথে।
এর আগে শুক্রবার এয়ার ফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের ওপর তীক্ষ্ণ নজর রাখছে এবং ওই অঞ্চলে একটি বৃহৎ নৌবহর অগ্রসর হচ্ছে।
এদিকে, মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, তারা বহুদিনব্যাপী সামরিক প্রস্তুতি মহড়ার পরিকল্পনা করছে। এই মহড়ার উদ্দেশ্য হলো সামরিক সম্পদ ও জনবল দ্রুত মোতায়েনযোগ্য রাখা, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার করা এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে নমনীয় প্রতিক্রিয়া নিশ্চিত করা।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির এবং সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের বৈঠকেও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
সূত্র জানায়, ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী বহর ইতোমধ্যেই ভারত মহাসাগরে পৌঁছেছে। বহরের সঙ্গে রয়েছে একাধিক যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার এবং যুদ্ধবিমান, যা সেন্টকমের আওতাধীন জলসীমায় মোতায়েন করা হবে।

মতামত দিন