আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে কঠোর অবস্থান আমিরাতের,দেবে না নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে—তাদের ভূখণ্ড, আকাশপথ কিংবা জলসীমা ব্যবহার করে কোনো সামরিক অভিযান চালানোর সুযোগ দেওয়া হবে না। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলার আলোচনা চলার মধ্যেই এই অবস্থান পুনরায় তুলে ধরল আবুধাবি।

সোমবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের বিরুদ্ধে পরিচালিত যে কোনো শত্রুতামূলক কর্মকাণ্ডে তারা সরাসরি বা পরোক্ষ কোনো সহায়তায় যুক্ত হবে না। সামরিক বা লজিস্টিক সহায়তা দেওয়ার প্রশ্নও নাকচ করে দেশটি।

বিবৃতিতে আরও বলা হয়, চলমান সংকটের সমাধানে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব সম্মান করাই সবচেয়ে কার্যকর ও দায়িত্বশীল পথ।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, উপসাগরীয় অঞ্চলের দিকে একটি মার্কিন নৌবহর এগিয়ে যাচ্ছে এবং ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। যদিও তিনি একপর্যায়ে সামরিক পদক্ষেপে না যাওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, আবুধাবির অদূরে অবস্থিত আল-ধাফরা বিমানঘাঁটিতে বর্তমানে বিপুলসংখ্যক মার্কিন সেনা মোতায়েন রয়েছে। উপসাগরীয় অঞ্চলে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত।

এদিকে, ইরানে গত বছরের শেষ দিকে অর্থনৈতিক দাবিদাওয়া থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সির দাবি অনুযায়ী, সাম্প্রতিক সহিংসতা ও দমন-পীড়নে সেখানে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে।

মতামত দিন