নতুন ‘সিঙ্গেল এন্ট্রি’ ভিসা ও ভিসা বন্ড প্রোগ্রাম নিয়ে সুখবর দিলো যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র এবার সর্বোচ্চ তিন মাস মেয়াদী একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল এন্ট্রি) ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে। এটি আসে অভিবাসন ভিসা স্থগিত হওয়ার পর এবং ‘ভিসা বন্ড’ তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হওয়ার প্রেক্ষিতে।
ঢাকায় মার্কিন দূতাবাসের বরাত দিয়ে জানানো হয়েছে, নতুন পাইলট প্রোগ্রাম অনুযায়ী ভিসার জন্য অনুমোদিত ব্যক্তিদের ৩০ দিনের মধ্যে বন্ড পরিশোধ করতে হবে। কনসুলার কর্মকর্তা ইন্টারভিউ শেষে পরিশোধের জন্য সরাসরি pay.gov–এর লিংক দেবেন।
সিঙ্গেল-এন্ট্রি ভিসা গ্রহণকারীদের কেবল নির্ধারিত কিছু বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। এই তিনটি বিমানবন্দর হলো— বোস্টন লোগান (BOS), জন এফ. কেনেডি (JFK) এবং ওয়াশিংটন ডুলস (IAD)।
ভিসার মেয়াদ শেষ হয়ে দেশে ফিরে আসার পর শর্তগুলো পূরণ করলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে অর্থ ফেরত দেওয়া হবে। শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে আসা।
যুক্তরাষ্ট্রের পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো যে দেশগুলোর নাগরিকরা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে ফিরে না আসে (ওভারস্টে) তাদের নিরুৎসাহিত করা। বাংলাদেশের পাশাপাশি আলজেরিয়া, অ্যাঙ্গোলা, ভুটান, কিউবা, জিবুতি, ফিজি, নাইজেরিয়া, নেপাল ও উগান্ডা তালিকায় রয়েছে।
‘ভিসা বন্ড’ হলো একটি আর্থিক নিশ্চয়তা, যা বিদেশি নাগরিকদের ভিসার শর্ত মেনে চলার নিশ্চয়তা দেয়। অন্য অনেক দেশ ভিসার জন্য অর্থ প্রদানের প্রমাণ চায়, কিন্তু ফেরতযোগ্য জামানতের মতো ব্যবস্থা চালু করেনি।

মতামত দিন