আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পাকিস্তানজুড়ে ভারতীয় ড্রোন হামলা, ১২টি ভূপাতিত করেছে পাকিস্তান।

পাকিস্তানের আকাশসীমায় একাধিক স্থানে ড্রোন হামলা চালিয়েছে ভারত। দেশের বিভিন্ন অঞ্চলে এসব ড্রোন আঘাত হানার চেষ্টা করলে পাকিস্তানি সশস্ত্র বাহিনী তা প্রতিহত করে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, অন্তত ১২টি ভারতীয় ড্রোন শনাক্ত করে গুলি করে নামানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি জানান, ৭ ও ৮ মে ভারতের পাঠানো ড্রোনগুলো পাকিস্তানের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। বুধবার রাতেও একাধিক ড্রোন পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আরেকটি সরাসরি সামরিক আগ্রাসন চালিয়েছে ভারত।

ডিজি আইএসপিআর জানান, লাহোর, গুজরানওয়ালা, রাওয়ালপিন্ডি, চকওয়াল, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, করাচি, চোর, মিয়ানো এবং অ্যাটকে ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে একটি ড্রোন লাহোরের কাছে একটি সামরিক স্থাপনায় আংশিকভাবে আঘাত হানে, এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়।

তিনি আরও জানান, লাহোরে ওই ড্রোন হামলায় পাকিস্তানের চারজন সেনা সদস্য আহত হয়েছেন। সিন্ধু প্রদেশের মিয়ানো এলাকায় হামলার সময় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ডিজি আইএসপিআর ভারতের এই ধারাবাহিক হামলাকে ‘সুস্পষ্ট সামরিক আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

এদিকে কাশ্মীর সীমান্তে দু’দেশের মধ্যে আর্টিলারি গোলাবর্ষণ হয়েছে। বুধবার (৭ মে) রাতে নিয়ন্ত্রণ রেখা (লাইন অফ কন্ট্রোল) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এর আগে একই দিন সকালে পাকিস্তান প্রথমে গোলাবর্ষণ শুরু করে বলে দাবি করেছে ভারত।

ভারত-শাসিত কাশ্মীরের প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুনীল বার্টওয়াল জানান, পাকিস্তানি বাহিনী ছোট অস্ত্র ও ভারী আর্টিলারি ব্যবহার করে গোলাবর্ষণ করেছে। এর জবাবে ভারতীয় বাহিনী ‘সমানুপাতিক প্রতিক্রিয়া’ দিয়েছে। তিনি বলেন, “ভারতীয় সেনারা সতর্ক অবস্থানে আছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।”

মতামত দিন