ভারী তুষারপাতে পাকিস্তানের উত্তরাঞ্চলে সড়ক অবরুদ্ধ হওয়ার শঙ্কা, পর্যটকদের সতর্কতা।
পাকিস্তানের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ভারী তুষারপাত অব্যাহত থাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে পাহাড়ি অঞ্চলে ভূমিধস ও তুষারধসের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি)।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ২৬ ও ২৭ জানুয়ারি পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে। এ সময় সাধারণ মানুষ ও পর্যটকদের বিশেষ করে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
পিএমডির বিবৃতিতে বলা হয়, নারাণ, কাঘান, দির, সোয়াত, কালাম, চিত্রাল, কোহিস্তান, মানসেহরা ও অ্যাবোটাবাদের পাশাপাশি শাংলা, আস্তোর, হুনজা, স্কারদু, মুর্রি ও গালিয়াত অঞ্চলে ভারী তুষারপাতের প্রভাবে সড়ক বন্ধ হয়ে যেতে পারে। অনেক এলাকায় রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ারও আশঙ্কা রয়েছে।
এ ছাড়া নীলম উপত্যকা, বাগ, পুঞ্চ, হাভেলি এবং বেলুচিস্তানের কোয়েটা, জিয়ারত, চামান, পিশিন, কিলা আবদুল্লাহ, কিলা সাইফুল্লাহ, নুশকি, হারনাই ও ঝোব এলাকাতেও একই ধরনের পরিস্থিতির কথা জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, উত্তর খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বালতিস্তান ও আজাদ কাশ্মীরের পার্বত্য এলাকায় ভূমিধস ও তুষারধসের ঝুঁকি বাড়ছে, যা যোগাযোগ ব্যবস্থা ও উদ্ধার কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।
ইতোমধ্যে ভারী তুষারপাতের কারণে খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান, গিলগিট-বালতিস্তান ও আজাদ কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বহু সড়ক বন্ধ থাকায় যাত্রীরা আটকা পড়ছেন, কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হচ্ছে।
এর আগে শুক্রবার চিত্রাল জেলায় একটি তুষারধসে একটি পরিবারের অন্তত নয়জন সদস্য নিহত হন, যা পরিস্থিতির ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: ডন
মতামত দিন