আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

প্রেমের প্রতিশোধে ভয়ংকর ষড়যন্ত্র,প্রেম ভাঙার পর প্রেমিকের স্ত্রীকে এইচআইভি ইঞ্জেকশন দিলেন তরুনী

নিজেস্ব প্রতিবেদক:

প্রেম ভেঙে যাওয়ার ক্ষোভ থেকে এক নারীর বিরুদ্ধে মানবিকতার সব সীমা ছাড়িয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সাবেক প্রেমিক অন্যত্র সংসার গড়ায় তার স্ত্রীর শরীরে পরিকল্পিতভাবে এইচআইভি সংক্রমণের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্ত তরুণী বোয়া বসুন্ধরা ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি কুর্নুল জেলায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত বসুন্ধরা তার পরিকল্পনা বাস্তবায়নে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত নার্স কোঙ্গে জ্যোতির সহায়তা নেন। জ্যোতির মাধ্যমে এইচআইভি আক্রান্ত এক নারীর রক্ত সংগ্রহ করা হয়, যা পরে ইনজেকশনের মাধ্যমে ভুক্তভোগীর শরীরে প্রবেশ করানো হয় বলে অভিযোগ।

তদন্তে উঠে এসেছে, পুরো ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। ভুক্তভোগী নারী হাসপাতাল থেকে স্কুটারে করে বাড়ি ফেরার সময় ইচ্ছাকৃতভাবে একটি সড়ক দুর্ঘটনার পরিস্থিতি তৈরি করা হয়। এতে তিনি আহত হলে সাহায্যের ভান করে এগিয়ে যান বসুন্ধরা ও তার সহযোগীরা। সেই সুযোগেই শরীরে ইনজেকশন দেওয়া হয় বলে পুলিশের দাবি।

ঘটনার পর সন্দেহ হলে ভুক্তভোগী নারী তার স্বামীকে বিষয়টি জানান। চিকিৎসক স্বামী পুলিশের কাছে অভিযোগ করলে তদন্ত শুরু হয় এবং অভিযুক্ত বসুন্ধরা, নার্স জ্যোতি ও জড়িত আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

মতামত দিন