স্থিতিশীলতা ও উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে চীন:রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় পাশে থাকবে চীন,এমন বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ-চীন সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
আঞ্চলিক উত্তেজনার প্রসঙ্গ টেনে ভারত-পাকিস্তান সংকটে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। এমন সংকটময় সময়ে চীন সত্যের পক্ষেই থাকবে। শান্তির জন্য উভয় দেশকে একসঙ্গে কাজ করতে হবে।”
রোহিঙ্গা সংকট নিয়েও বক্তব্য দেন ইয়াও ওয়েন। তিনি বলেন, “রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান প্রত্যাবাসন। চীন মনে করে, বাংলাদেশ ও মিয়ানমার দ্বিপাক্ষিকভাবে এই সমস্যার সমাধান করতে সক্ষম।”
রাষ্ট্রদূত আরও জানান, চলতি মাসের শেষে চীনের বাণিজ্যমন্ত্রী শতাধিক ব্যবসায়ী ও বিনিয়োগকারীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সফরে আসবেন। তার ভাষায়, “এত বড় বাণিজ্যিক প্রতিনিধি দল এর আগে কখনও বাংলাদেশে আসেনি। এতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে।”
স্থিতিশীলতা, উন্নয়ন ও সংস্কারে চীনের অবস্থান তুলে ধরে ইয়াও ওয়েন বলেন, “স্থিতিশীলতা ছাড়া অগ্রগতি সম্ভব নয়। সংস্কার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা পশ্চিমাদের মতো প্রকাশ্য মন্তব্যে বিশ্বাস করি না।”
মতামত দিন