এক সপ্তাহে সৌদি আরব থেকে বহিষ্কার ১৪ হাজারের বেশি অবৈধ প্রবাসী।
সৌদি আরবে অবৈধ বসবাস ও কাজের বিরুদ্ধে জোরদার অভিযান অব্যাহত রেখেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। চলতি মাসে মাত্র সাত দিনের ব্যবধানে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে, যাদের বড় একটি অংশকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৫ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে মোট ১৮ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়। এসব অভিযানে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন ১১ হাজার ৪৪২ জন, সীমান্ত আইন ভঙ্গের দায়ে ৩ হাজার ৯৩১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের কারণে ২ হাজার ৮২৭ জন।
কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৭৬২ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক। এছাড়া অবৈধ পথে দেশ ত্যাগের সময় আরও ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় ও নিয়োগে সহায়তার অভিযোগে ১১ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
বর্তমানে আবাসন, শ্রম ও সীমান্ত আইন সংশ্লিষ্ট মামলায় ২৫ হাজার ৪৭৭ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। এর মধ্যে পুরুষ ২৩ হাজার ৪৪৩ জন এবং নারী ২ হাজার ৩৪ জন।
আইনি কার্যক্রমের অংশ হিসেবে ১৮ হাজার ৬৮৫ জনের ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একই সময়ে ৩ হাজার ১১ জনের ভ্রমণ বুকিং সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ১৪ হাজার ৪৫১ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ বা এতে সহায়তা করা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। এসব অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত এবং অপরাধীর পরিচয় প্রকাশের বিধান রয়েছে।
সূত্র: গালফ নিউজ
মতামত দিন