আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে সপ্তাহের শেষে ৮ হাজারের বেশি ফ্লাইট বাতিল।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র শীতকালীন ঝড়ের কারণে দেশটির হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহের শেষে ৮ হাজারের বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

ঝড়ের প্রভাবে টেক্সাসের পূর্বাঞ্চল থেকে নর্থ ক্যারোলাইনা পর্যন্ত বিস্তৃত এলাকায় ভয়াবহ বরফঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার অন্তত ৩ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়, আর রোববারের জন্য বাতিলের সংখ্যা ৫ হাজারেরও বেশি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় রয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বরফে ক্ষতিগ্রস্ত এলাকায় ক্ষয়ক্ষতির মাত্রা ঘূর্ণিঝড়ের সমতুল্য হতে পারে।

ঝড়ের কারণে ডাকোটা ও মিনেসোটা অঙ্গরাজ্যে তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। লুইজিয়ানা, মিসিসিপি ও টেনেসির কিছু অংশে বরফ জমে গাছ ও বিদ্যুৎ লাইনের ওপর চাপ সৃষ্টি করতে পারে, যা বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি বাড়াচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রশাসন অঙ্গরাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে এবং ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। স্থানীয় গভর্নররা জরুরি অবস্থা ঘোষণা করেছেন বা জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।

মতামত দিন