আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পাকিস্তানে তুষারধসে পরিবারের নিহত ৯।

নিজেস্ব প্রতিবেদক:

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় তীব্র তুষারপাতের ফলে একটি বাড়ি ধসে অন্তত নয়জনের প্রাণহানি ঘটেছে। এই মর্মান্তিক ঘটনায় বেঁচে থাকলেন মাত্র নয় বছরের এক শিশু, যাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনা ঘটেছে শুক্রবার স্থানীয় সময় বিকেলে চিত্রলের দামিল এলাকার সেরিগাল গ্রামে। কর্মকর্তারা জানিয়েছেন, ২০ ইঞ্চিরও বেশি তুষারপাতের পর পাহাড়ি এলাকায় ধস শুরু হয়। তুষারের ভরাট জনবিরল পথ বেয়ে নেমে এসে একাকী থাকা বাড়িটিতে আঘাত হানে।

মৃতদের মধ্যে ছিলেন বাড়ির কর্তা বাচা খান, তার স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে এবং দুই শ্যালিকা। তুষারধসের সময় তারা বাড়ির মধ্যবর্তী ঘরে রাতের খাবার খাচ্ছিলেন।

লোয়ার চিত্রলের ডিসি হাসিম আজিম জানিয়েছেন, ধসে চাপা পড়া মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, চিত্রল উপত্যকায় টানা ৩৬ ঘণ্টার তুষারপাত জনজীবন কঠিনভাবে প্রভাবিত করেছে। বহু সড়ক বন্ধ থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। লোয়ারি টানেলের অ্যাপ্রোচ সড়ক প্রায় ১৮ ঘণ্টা বন্ধ থাকায় কয়েক হাজার যাত্রী আটকা পড়েছেন।

মতামত দিন