আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ব্রাজিলে চীনা নাগরিকদের জন্য স্বল্পমেয়াদি ভিসা ছাড়ের ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

ব্রাজিল সরকার নতুন করে ঘোষণা করেছে, চীনের নাগরিকরা নির্দিষ্ট স্বল্পমেয়াদি ভিসা ছাড়পত্র ছাড়া দেশে প্রবেশ করতে পারবেন। পদক্ষেপটি চীনের ভিসা ছাড় নীতির প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে।


সরকারি সূত্রে বলা হয়েছে, চীন ২০২৫ সালের ১ জুন থেকে লাতিন আমেরিকার কয়েকটি দেশের নাগরিকদের জন্য পরীক্ষামূলকভাবে ভিসা ছাড় নীতি চালু করেছিল। সেই তালিকায় ব্রাজিলের পাশাপাশি আর্জেন্টিনা, চিলি, পেরু এবং উরুগুয়ে রয়েছে। প্রথমে এক বছরের জন্য কার্যকর করা হয়েছিল এই নীতি, পরে তা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

লুলা জানিয়েছেন, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো ব্রাজিল ও চীনের মধ্যে মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা। বেইজিং এই উদ্যোগকে লাতিন আমেরিকা ও অন্যান্য অঞ্চলের সঙ্গে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে দেখছে।

প্রেসিডেন্ট লুলা বৃহস্পতিবার রাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোন আলাপে এই সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করেছেন। দুই নেতা অবকাঠামো, প্রযুক্তি উন্নয়ন এবং পরিবেশগত রূপান্তরসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় করেছেন।

আলাপচারিতায় তারা একমত হয়েছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং বহুপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে যৌথভাবে কাজ করা জরুরি। ব্রাজিল সরকারের আশা, নতুন ভিসা নীতি পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে।

মতামত দিন