সৌদিতে প্রবাসীদের জন্য খুলছে বাড়ির দরজা, বিদেশিরাও কিনতে পারবেন সম্পত্তি।
দীর্ঘদিন ধরে যে দেশটিকে শুধু তেলের রাজত্ব আর কঠোর নিয়মের প্রতীক হিসেবে দেখা হতো, সেই সৌদি আরব এখন নিজেকে নতুনভাবে তুলে ধরছে। মরুভূমির বুকে গড়ে ওঠা আধুনিক শহরগুলোতে এবার বিদেশিরাও স্থায়ী ঠিকানা গড়ার সুযোগ পাচ্ছেন।
বৃহস্পতিবার সৌদি রিয়েল এস্টেট জেনারেল অথরিটি (রিগা) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে—নন-সৌদি নাগরিকদের জন্য রিয়েল এস্টেট মালিকানা সংক্রান্ত নতুন বিধিমালা কার্যকর হয়েছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, বিদেশিদের জন্য প্রপার্টি কেনার পুরো প্রক্রিয়াকে সহজ করতে চালু করা হয়েছে ‘সৌদি প্রপার্টিজ’ নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এখানে আবেদন, যাচাই ও নিবন্ধনের সব ধাপ অনলাইনে সম্পন্ন হবে। যেসব বিদেশির বৈধ আবাসন অনুমতি বা ইকামা রয়েছে, তারা সরাসরি এই প্ল্যাটফর্মে আবেদন করতে পারবেন। আর যারা সৌদি আরবে অবস্থান করছেন না, তারা নিজ নিজ দেশের সৌদি দূতাবাস থেকে ডিজিটাল পরিচয়পত্র সংগ্রহ করে আবেদন করার সুযোগ পাবেন।
তবে পবিত্র নগরী মক্কা ও মদিনায় মালিকানার ক্ষেত্রে থাকছে বিশেষ বিধিনিষেধ। সেখানে কেবল মুসলিম ব্যক্তি ও সম্পূর্ণ সৌদি মালিকানাধীন প্রতিষ্ঠানই সম্পত্তি কিনতে পারবে। অন্যদিকে রাজধানী রিয়াদ ও বাণিজ্যিক শহর জেদ্দাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোর জন্য আলাদা জোনভিত্তিক নীতিমালা তৈরি করা হচ্ছে, যা ২০২৬ সালের শুরুতে প্রকাশ পেতে পারে।
যেসব বিদেশি প্রতিষ্ঠান সৌদি আরবে সরাসরি কার্যক্রম পরিচালনা করে না, তারা ‘ইনভেস্ট সৌদি’ প্ল্যাটফর্মে নিবন্ধনের মাধ্যমে একটি ইউনিফায়েড নম্বর নিয়ে সম্পত্তির জন্য আবেদন করতে পারবে। সরকারের লক্ষ্য—আন্তর্জাতিক ডেভেলপার ও উচ্চমূল্যের বিনিয়োগকারীদের আকৃষ্ট করে দেশের আবাসন খাতকে বৈশ্বিক মানে উন্নীত করা।
রিয়েল এস্টেট জেনারেল অথরিটির মুখপাত্র তাইসির আল মুফারেজ জানিয়েছেন, কোন এলাকায় কী ধরনের সম্পত্তি কেনা যাবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা শিগগিরই প্রকাশ করা হবে। তিনি সতর্ক করে বলেন, এখনো কোনো নির্দিষ্ট প্রকল্প চূড়ান্ত অনুমোদন পায়নি, তাই অনুমোদনহীন তথ্য বা গুজব এড়িয়ে চলা জরুরি।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত সৌদি আরবের আবাসন ও বিনিয়োগ খাতে দীর্ঘমেয়াদি পরিবর্তন আনবে এবং মধ্যপ্রাচ্যের রিয়েল এস্টেট বাজারে নতুন মাত্রা যোগ করবে।

মতামত দিন