আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প : ব্রাজিলের প্রেসিডেন্ট

নিজেস্ব প্রতিবেদক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন আন্তর্জাতিক সংস্থা নিয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তার ভাষায়, জাতিসংঘকে শক্তিশালী করার বদলে ট্রাম্প একটি বিকল্প বৈশ্বিক কাঠামো নিজের নিয়ন্ত্রণে আনতে চাইছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) এএফপিকে দেওয়া বক্তব্যে লুলা বলেন, ‘বোর্ড অব পিস’ নামে যে সংগঠন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, তা কার্যত একটি “নতুন জাতিসংঘ” তৈরির চেষ্টা। তবে এটি সংস্কারের নয়, বরং ক্ষমতা কেন্দ্রীভূত করার প্রকল্প।

সংবাদে বলা হয়, প্রস্তাবিত এই সংস্থার স্থায়ী সদস্য হতে হলে দেশগুলোকে এক বিলিয়ন মার্কিন ডলার দিতে হবে। সংগঠনটির চেয়ারম্যান হিসেবে নিজেকেই রাখতে চান ট্রাম্প। এসব শর্তের কারণে ব্রাজিলসহ একাধিক দেশ এতে যোগ দিতে অনাগ্রহ দেখিয়েছে।

এর আগে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে ট্রাম্প প্রথমবারের মতো এই পরিকল্পনার কথা প্রকাশ করেন। সেখানে ১৯টি দেশের প্রতিনিধি প্রাথমিকভাবে এতে সমর্থন জানান এবং সই করেন।

লুলা সতর্ক করে বলেন, বিশ্বজুড়ে শক্তি প্রদর্শনের প্রবণতা বাড়ছে, যা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। তিনি বহুপাক্ষিক সহযোগিতা জোরদার এবং জাতিসংঘের ভূমিকাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেন।

এদিকে একদিন আগে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে ফোনালাপে লুলা বৈশ্বিক রাজনীতি নিয়ে আলোচনা করেন। ওই কথোপকথনে শি জিনপিংও জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা অক্ষুণ্ন রাখার পক্ষে মত দেন বলে জানানো হয়েছে।

লুলার মতে, ট্রাম্পের নতুন সংস্থাটি প্রাথমিকভাবে গাজা পুনর্গঠনের দায়িত্ব নিতে পারে। তবে ভবিষ্যতে এর কার্যক্রম ফিলিস্তিনের বাইরেও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা জাতিসংঘের সঙ্গে সরাসরি প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি করতে পারে।

এই পরিকল্পনা নিয়ে ইউরোপেও সংশয় দেখা দিয়েছে। যুক্তরাজ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে আপত্তি তুলেছে। ফ্রান্সের অবস্থান, প্রস্তাবিত সংস্থার কাঠামো ও নীতিমালা জাতিসংঘের বিদ্যমান নিয়ম ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

মতামত দিন