আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

আগাম ভোটের ঘোষণা, সংসদ ভেঙে দিল জাপান সরকার।

নিজেস্ব প্রতিবেদক:

রাজনৈতিক হিসাব-নিকাশে বড় চাল দিয়ে আগাম নির্বাচনের দিকে এগোল জাপান। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সিদ্ধান্তে দেশটির জাতীয় সংসদের নিম্নকক্ষ বিলুপ্ত করা হয়েছে।

ফলে আগামী ৮ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নতুন সংসদ গঠনের প্রস্তুতি শুরু হলো।

শুক্রবার সংসদের অধিবেশনে স্পিকার আনুষ্ঠানিক ঘোষণা পাঠের মাধ্যমে ৪৬৫ সদস্যের নিম্নকক্ষ ভেঙে দেন। ঘোষণার মুহূর্তে সংসদ কক্ষে ঐতিহ্যবাহী ‘বানজাই’ ধ্বনি উচ্চারিত হয়। সংসদ ভাঙার পর থেকেই নির্বাচন প্রক্রিয়া কার্যত শুরু হলেও আনুষ্ঠানিক প্রচারণা চালু হবে আগামী মঙ্গলবার। নির্বাচনী প্রচারণার সময় নির্ধারণ করা হয়েছে ১২ দিন।

প্রধানমন্ত্রী তাকাইচি এর আগেই আগাম নির্বাচনের ইঙ্গিত দিয়েছিলেন। দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায় এই সিদ্ধান্ত কার্যকর করলেন তিনি। গত অক্টোবরে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তাকাইচি।

সাম্প্রতিক জরিপে তার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়ে প্রায় ৭০ শতাংশে পৌঁছেছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জনপ্রিয়তাকে পুঁজি করেই জনসমর্থন হারানো শাসক জোটকে নতুন করে শক্ত অবস্থানে নেওয়ার চেষ্টা করছেন তিনি।

বর্তমানে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ও জাপান ইনোভেশন পার্টির জোট অল্প ব্যবধানে সংসদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। আগাম নির্বাচন সেই সংখ্যাগরিষ্ঠতায় পরিবর্তন আনতে পারে—এমন আশঙ্কা ও প্রত্যাশা দুটোই রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে।

মতামত দিন