জাপানে মাউন্ট আসোর কাছে পর্যটক হেলিকপ্টার নিখোঁজ।
দক্ষিণ-পশ্চিম জাপানের কুমামোটো প্রিফেকচারের মাউন্ট আসোর কাছে মঙ্গলবার তিন আরোহী বহনকারী একটি পর্যটক হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বর্তমানে উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি সকালেই আসো শহরের একটি চিড়িয়াখানা থেকে ১০ মিনিটের দর্শনভ্রমণের জন্য উড্ডয়ন করেছিল। নির্ধারিত সময়ে হেলিকপ্টারটি ফিরে আসেনি। বিকেলে পুলিশ একটি হেলিকপ্টার ব্যবহার করে আগ্নেয়গিরির গহ্বরে উড়োজাহাজের মতো একটি বস্তু দেখতে পায়, তবে তা নিখোঁজ হেলিকপ্টার কি না তা নিশ্চিত করা যায়নি।
হেলিকপ্টারটিতে ছিলেন একজন পাইলট এবং দুইজন তাইওয়ানের নাগরিক। যুক্তরাষ্ট্রে তৈরি রবিনসন আর৪৪ মডেলের এটি সেই দিনের তৃতীয় ফ্লাইট ছিল। আবহাওয়ার কারণে মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছিল। তবে বুধবার সকালে তল্লাশি পুনরায় শুরু হয়েছে।
ঘটনার পর হেলিকপ্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান তাকুমি এন্টারপ্রাইজ সব হেলিকপ্টারের চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে।
মাউন্ট আসো কুমামোটোর অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। এ স্থানে হেলিকপ্টার ভ্রমণ খুবই জনপ্রিয়। উল্লেখ্য, ২০২১ সালে এখানকার আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত করেছিল।

মতামত দিন