আগাম নির্বাচনের পথে জাপান, পার্লামেন্ট ভাঙার ঘোষণা প্রধানমন্ত্রীর।
জাপানে আগাম সাধারণ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী সপ্তাহে পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, এক সংবাদ সম্মেলনে তাকাইচি ঘোষণা করেন, ২৩ জানুয়ারি পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেওয়া হবে এবং ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। এ নির্বাচনে নিম্নকক্ষের সব ৪৬৫টি আসনে ভোটগ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি ব্যয় পরিকল্পনা ও নীতিগত সিদ্ধান্তগুলোর পক্ষে জনগণের স্পষ্ট সমর্থন নিশ্চিত করতেই তিনি ভোটের পথে যাচ্ছেন। তার মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের রায় নেওয়া জরুরি হয়ে পড়েছে।
বিশ্লেষকদের ধারণা, ক্ষমতাসীন লিবারাল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) নিজের নেতৃত্ব আরও দৃঢ় করতে এবং জোট সরকারের দুর্বল সংখ্যাগরিষ্ঠতা শক্তিশালী করাই এই আগাম নির্বাচনের মূল লক্ষ্য। একই সঙ্গে এটি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মতো ইস্যুতে জনমত যাচাইয়ের সুযোগ হিসেবেও দেখছেন তারা।
সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের এক জরিপে দেখা গেছে, দেশের ৪৫ শতাংশ নাগরিক মূল্যস্ফীতিকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে কূটনীতি ও জাতীয় নিরাপত্তা, যা উল্লেখ করেছেন ১৬ শতাংশ উত্তরদাতা।
এনএইচকে আরও জানায়, প্রধানমন্ত্রী তার আন্তর্জাতিক কূটনৈতিক কর্মসূচি বিবেচনায় রেখেই নির্বাচনের সময় নির্ধারণ করেছেন। গত ১৩ জানুয়ারি নিজ শহর নারাতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠকে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন তাকাইচি।
এদিকে আগাম নির্বাচনের ঘোষণার জেরে মঙ্গলবার টোকিও শেয়ারবাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। দিনটির লেনদেনে প্রধান সূচক ৩ শতাংশের বেশি বেড়ে যায়।
মতামত দিন