আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সীমান্ত উত্তেজনায় ভারতের পক্ষে ইসরায়েল, পাকিস্তানকে সমর্থন তুরস্কের।

পাকিস্তান এবং দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। হামলার প্রতি সমর্থন জানিয়েছে ইসরায়েল, বিপরীতে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তুরস্ক।

মঙ্গলবার (৬ মে) গভীর রাতে চালানো এই অভিযানে ভারতের সেনাবাহিনী পাকিস্তানের অন্তত নয়টি স্থানে টার্গেটেড হামলা চালায়। নয়াদিল্লির দাবি, এটি ছিল ‘পরিকল্পিত ও সীমিত পরিসরের’ হামলা এবং কোনও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি।

হামলার পর বুধবার (৭ মে) এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া বার্তায় ভারতের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেন, “ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। সন্ত্রাসীরা যেন বুঝে নেয়, নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে কেউ নিরাপদে থাকতে পারে না।”

অন্যদিকে, হামলার প্রতিক্রিয়ায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিরান টেলিফোনে কথা বলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে। এরপর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, তুরস্ক ভারতের হামলাকে ‘অযৌক্তিক আগ্রাসন’ হিসেবে দেখছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ জানিয়েছে।

দুই দেশের এই আলোচনার পর এক্স-এ দেওয়া পোস্টে পাকিস্তান জানায়, “উভয় পক্ষ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গভীর আলোচনা করেছে এবং ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।”

মতামত দিন