আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের পক্ষে ৫৭ মুসলিম দেশ,চাপ বাড়ছে ভারতের ওপর।

কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। তবে ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে।

হামলার পর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও হুমকির মধ্যে সীমান্তে প্রতিদিনই গোলাগুলি চলছে। এরই মধ্যে উভয় পক্ষই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

এমন প্রেক্ষাপটে পাকিস্তানের পক্ষ নিয়েছে ৫৭টি মুসলিম দেশ নিয়ে গঠিত সংস্থা ওআইসি। তারা এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ভিত্তিহীন অভিযোগ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলছে। সংস্থাটি কাশ্মীর সমস্যার সমাধানে জাতিসংঘের প্রস্তাব অনুসারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।

ভারত ইতোমধ্যে আটারি সীমান্ত বন্ধ, ভিসা বাতিল এবং সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত, আকাশসীমা নিষিদ্ধ এবং বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, পানিবণ্টন চুক্তি স্থগিত করা যুদ্ধ ঘোষণার শামিল। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিস্থিতি উত্তপ্ত হলে পাকিস্তান প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবে না।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হামলায় জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়ে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, পাকিস্তান হামলায় জড়িত—এ বিষয়ে ভারত এখনো স্পষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ফলে সামরিক পদক্ষেপ নিলে তা আন্তর্জাতিকভাবে সমর্থন পাবে না। তবে উত্তেজনা বাড়লে সংঘর্ষ এড়ানো কঠিন হতে পারে।

মতামত দিন