আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইন্ডিগো ফ্লাইটে বোমা আতঙ্ক, লখনৌয়ে জরুরি অবতরণ।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সন্দেহজনক নোটকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি থেকে পশ্চিমবঙ্গের বাগডোগরার উদ্দেশে যাত্রা করা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি উড়োজাহাজকে মাঝপথে লখনৌ বিমানবন্দরে নামিয়ে আনা হয়।

রোববার (১৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। অবতরণের পর বিমানটিকে মূল টার্মিনাল থেকে আলাদা করে একটি নির্দিষ্ট নিরাপত্তা এলাকায় রাখা হয়।

নিরাপত্তা সংস্থার প্রাথমিক অনুসন্ধানে বিমানের একটি ল্যাভেটরি থেকে হাতে লেখা একটি নোট উদ্ধার করা হয়, যেখানে বিমানে বোমা থাকার ইঙ্গিত দেওয়া ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পরপরই বিমান ঘিরে ফেলে কুইক রিঅ্যাকশন টিম ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট। একই সঙ্গে শুরু হয় পূর্ণাঙ্গ তল্লাশি।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের লাগেজ অংশে থাকা একটি প্যাকেট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। সেটিতে তেজস্ক্রিয় উপাদান থাকলেও তা বিস্ফোরক নয়; ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, যা প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষেই পরিবহন করা হচ্ছিল।

এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্র জানায়, সকাল পৌনে ৯টার দিকে সম্ভাব্য হুমকি সংক্রান্ত বার্তা পাওয়ার পর ফ্লাইটটিকে গন্তব্যে না পাঠিয়ে লখনৌয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর বিমানটি নিরাপদে অবতরণ করে। উড়োজাহাজে ২৩৭ জন ছিলেন—যাত্রী, শিশু ও ক্রু সদস্য মিলিয়ে।

ঘটনার পর একটি আলাদা তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলো নোটটি কে বা কারা রেখে গেছে, তা খতিয়ে দেখছে।

ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি সামাল দিতে সব ধরনের নির্ধারিত প্রটোকল অনুসরণ করা হয়েছে। যাত্রীদের জন্য বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে এবং নিয়মিত তথ্য জানানো হচ্ছে।

মতামত দিন