আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার,নিখোঁজ ১১ জনের কোনো খোঁজ নেই।

নিজেস্ব প্রতিবেদক:

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে নিখোঁজ হওয়া একটি যাত্রীবাহী উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। তবে বিমানে থাকা ১১ জন আরোহীর কাউকেই এখনো শনাক্ত বা উদ্ধার করা সম্ভব হয়নি।

রয়টার্সের বরাতে কর্তৃপক্ষ জানায়, শনিবার কুয়াশাচ্ছন্ন পাহাড়ি এলাকায় উড়োজাহাজটি ভেঙে পড়ে বলে ধারণা করা হচ্ছে। রোববার সরকারি সূত্র জানায়, এটিআর ৪২-৫০০ মডেলের বিমানটি স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে জাকার্তা ছেড়ে মাকাসারের উদ্দেশে যাত্রা করেছিল। ফ্লাইটটি দক্ষিণ সুলাওয়েসির মারোস এলাকার আকাশপথে পৌঁছানোর পর হঠাৎ করে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটিতে মোট ১১ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে আটজন ক্রু সদস্য এবং তিনজন যাত্রী। যাত্রীদের সবাই ইন্দোনেশিয়ার সামুদ্রিক বিষয়ক ও মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তা বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দক্ষিণ সুলাওয়েসির অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ধ্বংসাবশেষ শনাক্ত হওয়ার পর বড় পরিসরে উদ্ধার অভিযান জোরদার করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে প্রায় ১ হাজার ২০০ উদ্ধারকর্মী মাঠে নামানো হবে। দুর্গম ভূপ্রকৃতি ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার দক্ষিণ কালিমানতান প্রদেশে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই ঘটনায় ছয়জন যাত্রী ও দুইজন ক্রু সদস্যসহ সবাই প্রাণ হারান।

মতামত দিন