আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচির ব্যস্ত বাণিজ্যিক ভবনে আগুন,নিহত অন্তত ৫।

নিজেস্ব প্রতিবেদক:

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে একটি বহুতল বিপণিবিতানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন আরও বিশ জনের বেশি মানুষ, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গভীর রাতে করাচির জিন্নাহ রোড এলাকায় অবস্থিত ‘গুল প্লাজা’ নামের ভবনটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। রাতের ওই সময় ভবনের ভেতরে অনেক মানুষ আটকা পড়েন, ফলে হতাহতের সংখ্যা বাড়ে।

খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ১২টি ইউনিটের দীর্ঘ চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ভবনটির বেশিরভাগ অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডে প্লাজার ভেতরে থাকা কসমেটিকস, পোশাক, বৈদ্যুতিক পণ্যসহ বিভিন্ন দোকান সম্পূর্ণ বা আংশিকভাবে পুড়ে গেছে। আগুনের তীব্রতায় ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশের এলাকা।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সিন্ধ প্রদেশের গভর্নর কামরান তেসরি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রীও দুঃখ প্রকাশ করে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশ দেন।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ভবনের নিচতলার একটি দোকানে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করতে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতামত দিন