আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে তেল আবিবজুড়ে রাজপথে হাজারো ইসরায়েলি।

নিজেস্ব প্রতিবেদক:

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাজধানী তেল আবিবের বিভিন্ন সড়কে নেমে এসেছেন হাজারো মানুষ।

দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল রোববার (১৮ জানুয়ারি) এই আন্দোলনের খবর প্রকাশ করে।

মূলত গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো আকস্মিক হামলার পেছনের ঘটনা ও ব্যর্থতা খতিয়ে দেখতে একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই হামলার পর গাজায় যুদ্ধ শুরু হলেও সরকার প্রধান হিসেবে দায় স্বীকার বা জবাবদিহিতার পথে হাঁটেননি নেতানিয়াহু।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা নেতানিয়াহু বিরোধী নানা স্লোগান দেন এবং তার পদত্যাগ দাবি করেন। অনেককে ইসরায়েলের পতাকা গায়ে জড়িয়ে, আবার অনেককে প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক মুখোশ পরে রাস্তায় প্রতিবাদ জানাতে দেখা যায়।

আন্দোলনে অংশ নেওয়া লোকজন হামাসের হাতে জিম্মি হওয়া সর্বশেষ ইসরায়েলি নাগরিকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিও তোলে। তাদের মতে, সরকার যুদ্ধ পরিচালনায় যেমন ব্যর্থ হয়েছে, তেমনি জিম্মি সংকট সামলাতেও কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি।

প্রতিবেদন অনুযায়ী, এই বিক্ষোভ ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাকে আরও স্পষ্ট করে তুলেছে। যুদ্ধ ও নিরাপত্তা ইস্যুতে সরকারের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ ক্রমেই তীব্র হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মতামত দিন