কর্মীদের পারিবারিক জীবন উৎসাহিত করতে ব্যতিক্রমী অনুদান দিচ্ছে আল হাবতুর গ্রুপ।
পারিবারিক বন্ধন জোরদার এবং স্থানীয় নাগরিকদের স্থিতিশীল জীবন গঠনে উৎসাহ দিতে অভিনব উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান আল হাবতুর গ্রুপ। প্রতিষ্ঠানটিতে কর্মরত কোনো আমিরাতি নাগরিক বিবাহ করলে তাকে উল্লেখযোগ্য অঙ্কের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
দুবাইভিত্তিক এই গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খালাফ আল হাবতুর জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠানের কোনো আমিরাতি কর্মী বিয়ে করলে এককালীন ৫০ হাজার দিরহাম প্রদান করা হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৬ লাখ টাকার কাছাকাছি। এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমস।
এ সহায়তা শুধু বিয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। বিয়ের পর দুই বছরের মধ্যে যদি ওই দম্পতির ঘরে সন্তান আসে, তাহলে অনুদানের পরিমাণ দ্বিগুণ করা হবে বলেও ঘোষণা দিয়েছেন আল হাবতুর।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে খালাফ আল হাবতুর বলেন, বিবাহ ও পরিবার গঠন ব্যক্তিগত জীবনের বিষয় হলেও এর প্রভাব সমাজ ও রাষ্ট্রের ওপর সরাসরি পড়ে। তার মতে, সুদৃঢ় পারিবারিক কাঠামো ছাড়া টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব নয়।
তিনি আরও বলেন, তরুণদের পরিবার শুরু করতে উৎসাহ দেওয়া মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ তৈরি করা। সরকার এ ক্ষেত্রে নানামুখী উদ্যোগ নিলেও বেসরকারি খাতেরও দায়িত্ব রয়েছে সামাজিক ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখার।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে মোট জনসংখ্যা এক কোটির বেশি হলেও স্থানীয় নাগরিকদের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ। এই বাস্তবতায় জাতীয় জনসংখ্যাগত ভারসাম্য বজায় রাখা এবং স্থানীয় তরুণদের স্বাবলম্বী করে তুলতে সরকার ও বেসরকারি খাত যৌথভাবে কাজ করছে।
বিশ্লেষকদের মতে, আল হাবতুর গ্রুপের এই আর্থিক সহায়তা কর্মসূচি শুধু কর্মীদের ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে না, বরং স্থানীয় নাগরিকদের সামাজিক নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন