ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাঁচ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের।
ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তানি বিমানবাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বুধবার (৭ মে) প্রথম প্রহরে জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় উপযুক্ত জবাব দিচ্ছে।
পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাহাওয়ালপুর ও পুলওয়ামা সীমান্তসংলগ্ন এলাকায় দুটি রাফায়েল ও একটি এসইউ-৩০ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ভারত এখনও এই দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
অন্যদিকে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মুর ভিম্বার গলিতে কামান হামলা চালায়, যার জবাব দেওয়া হয়েছে।
পাকিস্তান দাবি করেছে, তাদের পাল্টা হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনা সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং সব পাকিস্তানি যুদ্ধবিমান নিরাপদে ঘাঁটিতে ফিরেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের হামলাকে ‘যুদ্ধের পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন এবং বলেন, “উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে।”
পাক সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, হামলায় সাতজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।
ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, 'অপারেশন সিন্দুর'-এর আওতায় পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। হামলার পর ভারতীয় সেনাবাহিনী এক্সে লিখেছে, “ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে। জয় হিন্দ।”
গত ২২ এপ্রিল কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।

মতামত দিন