আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

নোবেল পুরস্কার উপহার দিয়ে ট্রাম্পের সঙ্গে মাচাদোর ঐতিহাসিক বৈঠক।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে একান্ত বৈঠকের পর নিজের নোবেল শান্তি পুরস্কার তাকে উপহার দেওয়ার কথা জানিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো।

বৃহস্পতিবার প্রথমবারের মতো সরাসরি এই সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মাচাদো বলেন, ভেনেজুয়েলার জনগণের জন্য দিনটি ছিল “ঐতিহাসিক”।

তার ভাষায়, এই বৈঠক দেশের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প বলেন, পুরস্কার গ্রহণের বিষয়টি তিনি “পারস্পরিক সম্মানের এক অসাধারণ উদাহরণ” হিসেবে দেখছেন। একই সঙ্গে মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করাকে তিনি নিজের জন্য “অনেক সম্মানজনক” বলে উল্লেখ করেন। ট্রাম্প মাচাদোকে “অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে আসা এক অসাধারণ নারী” হিসেবেও বর্ণনা করেন।

এই বৈঠক এমন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হলো, যখন কয়েক সপ্তাহ আগে মার্কিন বাহিনী কারাকাসে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে এবং তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা করা হয়।

তবে ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে নিজের বিজয়ের দাবি করলেও যুক্তরাষ্ট্র এখনো মাচাদোকে ভেনেজুয়েলার নতুন নেতা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। বরং দেশটিতে অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকা ডেলসি রদ্রিগেজের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন ট্রাম্প। রদ্রিগেজ এর আগে মাদুরোর ভাইস-প্রেসিডেন্ট ছিলেন।

হোয়াইট হাউস থেকে বেরিয়ে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে মাচাদো স্প্যানিশ ভাষায় বলেন, “আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ভরসা করতে পারি।” অ্যাসোসিয়েটেড প্রেস এই বক্তব্যের তথ্য নিশ্চিত করেছে।

মতামত দিন