আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে রেলপথ নির্মাণকালে ভয়াবহ দুর্ঘটনা, চলন্ত ট্রেনে ক্রেন ধসে নিহত ২২।

নিজেস্ব প্রতিবেদক:

থাইল্যান্ডে নির্মাণাধীন দ্রুতগতির রেললাইনে বড় ধরনের দুর্ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ৭৯ জন।

চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনের ওপর ভারী ক্রেন ভেঙে পড়ার পর এই প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি হয়।

বুধবার সকালে রাজধানী ব্যাংককের উত্তর দিকে নাখন রাচাসিমা প্রদেশের বান থানন খোট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটার পরপরই ট্রেনের কয়েকটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ জানিয়েছে, ক্রেনটি ট্রেনের একটি বগির ওপর আছড়ে পড়ার পর বাকি বগিগুলো লাইনচ্যুত হয়ে যায়। এতে ট্রেনের ভেতরে থাকা বহু যাত্রী আটকা পড়েন। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের ভেতর থেকে একের পর এক মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় জড়িত ক্রেনটি লাওস সীমান্ত থেকে ব্যাংকক পর্যন্ত নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পে ব্যবহৃত হচ্ছিল। দুর্ঘটনার সময় ট্রেনটি রাজধানী থেকে উত্তর-পূর্বাঞ্চলের উবন রাচাসিমার দিকে যাচ্ছিল।

রয়টার্স জানায়, দুর্ঘটনার পর ট্রেনের কিছু অংশে আগুন ধরে যায়, যার ফলে হতাহতের সংখ্যা দ্রুত বেড়ে যায়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনার পেছনে কী কারণে ক্রেনটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন