অস্থিরতা বাড়ায় মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার সতর্কবার্তা।
ইরানে সরকারবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ায় সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পক্ষ থেকে নাগরিকদের নিজ উদ্যোগে যত দ্রুত সম্ভব ইরান ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার প্রকাশিত এক নিরাপত্তা বিজ্ঞপ্তিতে ইউএস ভার্চুয়াল এমবাসি ইরান জানায়, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরকার সরাসরি সহায়তা দিতে সক্ষম নাও হতে পারে। সে কারণে মার্কিন নাগরিকদের কোনো ধরনের সরকারি সহযোগিতার ওপর নির্ভর না করে দেশ ছাড়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইরান থেকে স্থলপথে বের হওয়ার ক্ষেত্রে কয়েকটি সীমান্ত এখনও ব্যবহারযোগ্য রয়েছে। আর্মেনিয়ার সঙ্গে আগারাক–নোরদুজ সীমান্ত এবং তুরস্কগামী গুরবুলাক–বাজারগান, কাপিকয়–রাজি ও এসেন্দেরে–সেরো ক্রসিং পয়েন্টগুলো খোলা আছে।
তবে তুর্কমেনিস্তানে প্রবেশ করতে হলে আগাম বিশেষ অনুমতির প্রয়োজন হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি আজারবাইজানে প্রবেশের সুযোগ সীমিত রয়েছে। এ ছাড়া আফগানিস্তান, ইরাক কিংবা পাকিস্তান সংলগ্ন সীমান্ত ব্যবহার করে যাতায়াত না করার জন্য কঠোরভাবে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের বিভিন্ন শহরে চলমান বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থায় বিধিনিষেধের প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়েছে। এতে দেশটিতে অবস্থানরত বিদেশিদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও স্পষ্ট হয়ে উঠেছে।

মতামত দিন