এক বছরে এক লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র।
সোমবার (১২ জানুয়ারি) প্রকাশিত এক সরকারি তথ্যে বলা হয়, অভিবাসন নিয়ন্ত্রণ জোরদারের অংশ হিসেবেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। শপথ নেওয়ার পর থেকেই অবৈধ অভিবাসন, অপরাধ ও নিরাপত্তা ঝুঁকির বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে ব্যাপক অভিযান চালানো হচ্ছে।
বাতিল হওয়া ভিসার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীও রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় আট হাজার স্টুডেন্ট ভিসা প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি অপরাধ সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে থাকা ব্যক্তিদের আড়াই হাজারের বেশি বিশেষ ক্যাটাগরির ভিসাও বাতিল করা হয়।
কর্তৃপক্ষ জানায়, অনেক ক্ষেত্রে ভিসার শর্ত লঙ্ঘনকারী ব্যক্তিদের শারীরিকভাবে নিয়ন্ত্রণে রেখে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। প্রশাসনের ভাষ্য, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগোট জানান, মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে অবস্থান, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, সহিংসতা ও চুরির মতো অপরাধ—এসব কারণেই মূলত ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার দাবি, আগের বছরের তুলনায় চলতি বছরে ভিসা বাতিলের হার প্রায় দেড় গুণ বেড়েছে।
নতুন ভিসা ইস্যুর ক্ষেত্রেও যাচাই-বাছাই আরও কঠোর করা হয়েছে বলে জানায় মার্কিন প্রশাসন।
মতামত দিন