ট্রাম্পকে ‘ফেরাউন’-এর সঙ্গে তুলনা, ইঙ্গিতপূর্ণ কার্টুন পোস্ট খামেনির।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে তীব্র রাজনৈতিক বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ব্যঙ্গচিত্রে ট্রাম্পকে প্রাচীন শাসকদের পতনের প্রতীকের সঙ্গে তুলনা করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) খামেনির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ওই কার্টুনটি দ্রুত আন্তর্জাতিক আলোচনায় আসে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বিষয়টি নিশ্চিত করেছে।
কার্টুনে দেখা যায়, একটি প্রাচীন মিসরীয় পাথরের কফিন—যা সারকোফাগাস হিসেবে পরিচিত—ধীরে ধীরে ভেঙে পড়ছে। কফিনটির গায়ে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক ‘গ্রেট সিল অব দ্য ইউনাইটেড স্টেটস’ ও মার্কিন পতাকার নকশা খোদাই করা। উপরে বড় করে লেখা—‘ফারাওয়ের মতো’। নিচে সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ বাক্য: “এটিও উৎখাত হবে।”
কার্টুনের সঙ্গে যুক্ত ব্যাখ্যায় ইতিহাস ও ধর্মীয় উপাখ্যান টেনে আনা হয়েছে। সেখানে প্রাচীন মিসরের ফারাও, বাইবেলের চরিত্র নমরুদ এবং ইরানের সাবেক শাসক রেজা খান ও মোহাম্মদ রেজা শাহের উদাহরণ দেওয়া হয়। বার্তাটি স্পষ্ট—ক্ষমতা ও অহংকারের চূড়ায় পৌঁছেও কেউ চিরস্থায়ী হয়নি।
পোস্টে বলা হয়, যে শাসক নিজেকে বিশ্ববিচারের আসনে বসায় এবং দম্ভ নিয়ে ক্ষমতা প্রয়োগ করে, তার পরিণতিও ইতিহাসে একইভাবে লেখা আছে। অতীতের অত্যাচারী শাসকদের মতো তার পতনও অনিবার্য।
এই কার্টুন ও বার্তাকে ইরান-যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনার প্রেক্ষাপটে একটি সরাসরি রাজনৈতিক ইঙ্গিত হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা।
সূত্র: সিএনএন

মতামত দিন