আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ফের ইসরায়েলি হামলা, নিহত ৩।

নিজেস্ব প্রতিবেদক:

যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি থাকলেও গাজা উপত্যকায় ফের প্রাণহানির ঘটনা ঘটেছে। বিভিন্ন এলাকায় চালানো ইসরায়েলি অভিযানে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন।

স্থানীয় চিকিৎসা সূত্র জানায়, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত দক্ষিণ গাজার রাফাহ ও খান ইউনিস, গাজা শহরের জেইতুন এলাকা এবং আশপাশের কয়েকটি আবাসিক স্থানে হামলা চালানো হয়। খান ইউনিস এলাকায় একটি ড্রোন হামলায় হাসপাতালে নেওয়ার পথে এক ব্যক্তি নিহত হন।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমের তথ্যে বলা হয়েছে, গাজা শহরের পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এসব হামলা সরাসরি আবাসিক এলাকায় হওয়ায় হতাহতের সংখ্যা বাড়ে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ ও উত্তর গাজার কয়েকটি স্থানে তারা তিনজনকে হত্যা করেছে। তাদের দাবি, নিহত ব্যক্তিরা সেনাদের জন্য ঝুঁকি তৈরি করছিলেন এবং একজন সামরিক সরঞ্জাম নিয়ে পালানোর চেষ্টা করছিলেন।

তবে গাজার চিকিৎসা সূত্রের তথ্যের সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর দাবিকৃত ঘটনার মিল রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এর মধ্যেই গাজায় মানবিক সংকট আরও গভীর হয়েছে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তীব্র শীতের কারণে সাত দিনের এক নবজাতক মারা গেছে। শিশুটির নাম মাহমুদ আল-আকরা। সে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় অবস্থান করছিল।

চিকিৎসা সূত্র বলছে, অবরোধের কারণে জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি এবং শীত থেকে রক্ষার মতো আশ্রয়ের অভাবই এই মৃত্যুর পেছনে বড় কারণ।

যুদ্ধবিরতির মধ্যেও হামলা, প্রাণহানি ও মানবিক বিপর্যয়ের ঘটনায় গাজায় পরিস্থিতি দিন দিন আরও অনিশ্চিত হয়ে উঠছে।

মতামত দিন