আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সরকারবিরোধী আন্দোলনের মুখে ইরানে সরকারপন্থি সমাবেশের ডাক।

নিজেস্ব প্রতিবেদক:

দেশজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী আন্দোলনের মধ্যেই পাল্টা কর্মসূচির পথে হাঁটছে ইরানের ক্ষমতাসীন পক্ষ। চলমান অস্থিরতার প্রেক্ষাপটে সরকারপন্থি সমাবেশে অংশ নিতে জনগণকে আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ১২ জানুয়ারি রাজধানী তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সমাবেশ করবে ইসলামিক ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন কাউন্সিল। নির্ধারিত স্থানে এসব কর্মসূচির আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য, সাম্প্রতিক সহিংসতা ও বিশৃঙ্খলার পেছনে বিদেশি শক্তির ভূমিকা রয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদে পরিচালিত ‘সন্ত্রাসী তৎপরতার’ বিরুদ্ধে অবস্থান জানাতেই এই সমাবেশের উদ্যোগ।

এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে সহায়তা দিতে প্রস্তুত। এর আগে আন্দোলন দমনে প্রাণঘাতী শক্তি ব্যবহার করা হলে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।

গত বছরের ডিসেম্বরের শেষদিকে ইরানে শুরু হওয়া এই আন্দোলনের সূচনা হয় অর্থনৈতিক সংকট থেকে। জাতীয় মুদ্রা রিয়ালের বড় দরপতন ও মূল্যস্ফীতির চাপে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় রাস্তায় নামেন সাধারণ মানুষ। পরে সেই আন্দোলন রাজনৈতিক দাবিতে রূপ নেয় এবং দেশের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে।

ইরান সরকার এখন পর্যন্ত হতাহত বা গ্রেপ্তারের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ৩১টি প্রদেশের ১১১টি শহরের প্রায় ৩০০ স্থানে বিক্ষোভ হয়েছে। সংস্থাটি বলছে, এ পর্যন্ত অন্তত ৫০ জন নিহত এবং দুই হাজার ২০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

মতামত দিন