পহেলগাম হামলার জেরে পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা ভারতের।
পহেলগামে হামলার জেরে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান পাল্টাপাল্টি প্রতিক্রিয়ার পর অবশেষে পাকিস্তানে সরাসরি হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তানের অন্তত তিনটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, কোটলি,বাহাওয়ালপুর এবং মুজাফফরাবাদে এই হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় রাত ১টার দিকে সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে শত্রু ভারত বাহাওয়ালপুরের আহমেদ পূর্ব এলাকার সুবহানুল্লাহ মসজিদ, কোটলি ও মুজাফফরাবাদে বিমান হামলা চালিয়েছে।’
তিনি আরও জানান, ভারত নিজেদের আকাশসীমা থেকেই এই আক্রমণ চালায় এবং পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেনি। তার ভাষায়, ‘এই কাপুরুষোচিত এবং লজ্জাজনক হামলাটি ভারতের আকাশসীমার ভেতর থেকেই পরিচালিত হয়েছে। পাকিস্তানের আকাশসীমায় ঢুকতে দেওয়া হয়নি।’
ভারতের সশস্ত্র বাহিনীও এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানায়,‘অপারেশন সিন্দুর’-এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরের মোট নয়টি স্থানে হামলা চালানো হয়েছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের পার্বত্য অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
মতামত দিন