আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির একই পরিবারের তিনজনের মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজন নারী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতের দিকে ওমানের সালালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. শওকত আলী।

নিহতরা হলেন সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের প্রবাসী মো. শফিউর আলমের স্ত্রী বিলকিস বেগম, তাদের একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান সবুজ এবং মেয়ের জামাই মুহাম্মদ দিদার।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, সাকিব ও তার ভগ্নিপতি দিদার পরিবারসহ ওমানের রাজধানী মাসকাট থেকে সালালায় মাজার জিয়ারতে গিয়েছিলেন। ফেরার পথে তাদের দ্রুতগতির গাড়িটির সঙ্গে একটি উটের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাকিব ও দিদারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে বিলকিস বেগমের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

মতামত দিন