আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় ভয়াবহ দাবানল, ধ্বংস শতাধিক বসতবাড়ি।

নিজেস্ব প্রতিবেদক:

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় তীব্র দাবানলের কারণে শতাধিক বসতবাড়ি পুড়ে গেছে। স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, এখনও তিনজন নিখোঁজ রয়েছেন।

আগুনের প্রভাবে রাজ্যের প্রায় ৩৮ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক হাজার দমকলকর্মী মাঠে কাজ করছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় তাপমাত্রা বেড়ে যাওয়ায় গত সপ্তাহের মাঝামাঝি এসব আগুনের সূত্রপাত হয়েছে। এখন পর্যন্ত তিন লাখ হেক্টরের বেশি বনভূমি ধ্বংস হয়েছে এবং রাজ্যে ১০টির বেশি বড় দাবানল এখনও সক্রিয় রয়েছে।

ভিক্টোরিয়ায় এই আগুনের প্রভাব ২০১৯–২০২০ সালের ব্ল্যাক সামারের পর সবচেয়ে ভয়াবহ বলে মন্তব্য করেছেন কর্মকর্তারা। ওই সময় একই অঞ্চলে ব্যাপক অগ্নিকাণ্ডে ৩৩ জনের মৃত্যু হয়েছিল এবং তুরস্কের সমান এলাকা পুড়ে গিয়েছিল।

শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, ভিক্টোরিয়ায় বড় অংশকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেন এবং বলেন, এই কঠিন সময়ে আঞ্চলিক অঞ্চলের মানুষদের পাশে দাঁড়ানো প্রয়োজন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি অনেক পার্ক ও ক্যাম্পগ্রাউন্ড সাময়িক বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কতার মধ্য দিয়ে ভিক্টোরিয়ার পাশাপাশি নিউ সাউথ ওয়েলস ও অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতেও অগ্নির ঝুঁকির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণাভিমুখী বাতাসের কারণে তাপমাত্রা কমতে শুরু করলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন