ট্রাম্পের পোস্টে বাংলাদেশি অভিবাসীদের মধ্যে নতুন উদ্বেগ,যুক্তরাষ্ট্রে আতঙ্ক।
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিকে আরও কঠোর করার ইঙ্গিতের মধ্যেই বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট। বিশেষ করে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে বিষয়টি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
সোমবার ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বিভিন্ন দেশের অভিবাসী পরিবার কতটা সরকারি সহায়তার ওপর নির্ভরশীল—সে সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেন। সেখানে দেখা যায়, তালিকার একেবারে নিচের দিকে থাকলেও বাংলাদেশি পরিবারগুলোর বড় একটি অংশ সরকারি সহায়তা পাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
অভিবাসীদের সরকারি সুবিধা গ্রহণ নিয়ে ট্রাম্প বরাবরই কঠোর অবস্থানে। তার মতে, এতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সামাজিক কাঠামোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। সাম্প্রতিক এই পোস্টের পর অনেক অভিবাসীর মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে—ভবিষ্যতে নজরদারি ও ধরপাকড় আরও বাড়তে পারে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি আইনজীবী মঈন চৌধুরী বলেন, যাদের বসবাসের কাগজপত্র বৈধ এবং যারা নিয়ম মেনে সরকারি সহায়তা গ্রহণ করছেন, তাদের দুশ্চিন্তার কারণ নেই। তবে কেউ যদি তথ্য গোপন করে বা বেআইনিভাবে সুযোগ-সুবিধা নিয়ে থাকেন, সেক্ষেত্রে কঠোর আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা রয়েছে।
এ অবস্থায় উদ্বেগ আরও বেড়েছে ট্রাম্প প্রশাসনের আরেক সিদ্ধান্তে। ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কসহ কয়েকটি অঙ্গরাজ্যের জন্য ফেডারেল তহবিল থেকে বিপুল অঙ্কের অর্থ সহায়তা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বাস্তবায়ন হলে শিশু পরিচর্যা ও সামাজিক সেবাখাতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মতামত দিন