আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে নিহত অন্তত ৮০।

নিজেস্ব প্রতিবেদক:

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার উদ্দেশ্যে চালানো মার্কিন অভিযানে অন্তত ৮০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সেনা সদস্য ও বেসামরিক নাগরিক উভয়ই রয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) নিউইয়র্ক টাইমস ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে।

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানান, মাদুরোর নিরাপত্তা দলের একটি বড় অংশ হামলায় নিহত হয়েছে। তবে তিনি সুনির্দিষ্ট সংখ্যার তথ্য দেননি। এছাড়া, কর্মকর্তারা অভিযোগ করেছেন যে মার্কিন বাহিনী কিছু বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করেছিল।

কিউবার কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে তাদের ৩২ জন নাগরিক নিহত হয়েছেন। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস-কানেল ৫ ও ৬ জানুয়ারি দেশে রাষ্ট্রীয় শোক পালন ঘোষণা করেছেন। তিনি বলেছেন, “আমাদের নাগরিকরা মর্যাদা ও বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন এবং তীব্র প্রতিরোধের পর শহীদ হয়েছেন।”

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো কিউবার নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানান এবং মার্কিন অভিযানকে “অপরাধমূলক ও কুখ্যাত” আক্রমণ হিসেবে আখ্যা দেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, অভিযানে কোনো মার্কিন সেনা নিহত হয়নি, যদিও কয়েকজন আহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে জানান, মাদুরো ও তার স্ত্রীকে আটক করার অভিযানে প্রায় অর্ধডজন মার্কিন সেনা আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বোমাবর্ষণে ভেনেজুয়েলার সামরিক অবকাঠামো, যোগাযোগ স্থাপনা ও সরবরাহ গুদাম লক্ষ্য করা হয়। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, লক্ষ্য ছিল মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে আনা, যাতে তাকে মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে বিচার করা যায়।

তবে মাদুরো প্রশাসন যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, এই অভিযোগগুলো মূলত সরকার পরিবর্তনের অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে।

সূত্র: আরটি

মতামত দিন